আন্তর্জাতিক

নিউইয়র্কে সাবওয়ে প্রকল্পের অর্থ না দেয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন নিউইয়র্কের পরিবহন কর্মকর্তারা। সেখানকার সেকেন্ড অ্যাভিনিউ সাবওয়ে প্রকল্পের ৬০ মিলিয়ন ডলার অর্থায়ন আটকে রাখার অভিযোগে এই মামলা করা হয়েছে। 

গেল মাসে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি হোয়াইট হাউসে-এ একটি সতর্কতামূলক চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়, স্থগিত রাখা অর্থ দ্রুত ছাড় না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার গভর্নরের এক মুখপাত্র জানিয়েছেন, ফেডারেল সরকারকে খেলা বন্ধ করে অর্থ ছাড় করতে হবে।”

ইস্ট হার্লেম এলাকায় চলমান এই প্রকল্পের মাধ্যমে কিউ লাইনকে ৯৬তম স্ট্রিট ও সেকেন্ড অ্যাভিনিউ থেকে ১২৫তম স্ট্রিট ও লেক্সিংটন অ্যাভিনিউ পর্যন্ত সম্প্রসারণ করা হবে। প্রকল্পটি ২০৩২ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

তবে ৬০ মিলিয়ন ডলার আটকে দেওয়ায় প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গভর্নর হোকুল বলেছেন, ইতোমধ্যে কাজ নির্ধারিত সময় ও বাজেট অনুযায়ী এগোচ্ছিল, কিন্তু অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় পুরো প্রকল্পই ঝুঁকির মুখে পড়েছে।

প্রায় ৮ বিলিয়ন ডলার ব্যয়ে প্রকল্পটি সাত বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হয়েছে। এর অর্ধেক অর্থ ইউনাইটেড স্টেট কংগ্রেস অনুমোদন করেছে।

সিনেটর চার্লস শুমার বলেছেন, “এ ধরনের প্রকল্প নিয়ে রাজনীতি করা ঠিক নয়।  এসব প্রকল্প নিউইয়র্কের অর্থনীতি ও শ্রমিকদের জীবন-জীবিকার সঙ্গে জড়িত।”

অন্যদিকে ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন জানিয়েছে, তারা আইনি দিক বিবেচনা করছেন। 

উল্লেখ্য, নিউইয়র্ক ডেমোক্র্যাটদের সঙ্গে বিরোধের জেরে গত অক্টোবরে ডোনাল্ড ট্রাম্প এই অর্থায়ন স্থগিত করেন। 

সম্প্রতি আদালত একাধিক বিষয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিয়েছে। এরমধ্যে ১৬ বিলিয়ন ডলারের গেটওয়ে টানেল প্রজেক্ট-এর অর্থায়ন চালু রাখতে আপিল আদালতের নির্দেশ বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া আরেকজন ফেডারেল বিচারক নিউইয়র্কের যানজট কমাতে চলমান কনজেশন প্রাইসিং কর্মসূচি বন্ধের প্রচেষ্টা ঠেকিয়ে দেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্রাম্প