আন্তর্জাতিক

ঈদের নামাজ নিয়ে আমিরাতের জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে এবার ঈদুল ফিতরের নামাজ শুধুমাত্র মসজিদের ভেতরে আদায় করতে হবে। খোলা মাঠ বা প্রচলিত ঈদগাহে জামাতের অনুমতি থাকছে না বলে জানিয়েছে দেশটির ইসলামিক বিষয়াবলি, ওয়াক্‌ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ।

বুধবার (১৮ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গলফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এই সিদ্ধান্ত সারা দেশে কার্যকর থাকবে এবং উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আয়োজন করা হবে না। জননিরাপত্তা নিশ্চিত করা এবং নামাজের আয়োজন সুশৃঙ্খল রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট নির্দেশনা মেনে চলার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, দেশের সব মসজিদ ঈদের জামাতের জন্য প্রস্তুত রাখা হয়েছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সংযুক্ত আরব আমিরাত #ঈদ #ঈদুল ফিতর #ঈদের নামাজ