বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সব কিছু নিয়ে যখন-তখন হস্তক্ষেপ করেন। কিন্তু চীন তা করে না। চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়ে চলেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে চীনা দূতাবাসের সহযোগিতায় ঢাকা-১৫ আসনের নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমরা আশা করবো অতীতের চাইতেও আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীন আরও বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করবে।
তিনি বলেন, “একটা কথা খুব পরিষ্কার, আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেবো না। অতীতে নেওয়া বোঝা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে ওঠাবে না। যুব সমাজ একদম এটা সহ্য করবে না। বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশি।”
তিনি আরও বলেন, গত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ-চীন বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। আল্লাহ তায়ালা চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই বাংলাদেশকে দখলমুক্ত করেছেন।
আই/এ