আন্তর্জাতিক

ইরানকে ফাঁসাতে ৯/১১–এর মতো হামলার পরিকল্পনা করছে এপস্টেইন গ্যাং: আলি লারিজানি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি দাবি করেছেন, ইরানের ওপর দোষ চাপানোর জন্য ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের মতো একটি ‘ফলস ফ্ল্যাগ’ হামলার পরিকল্পনা হতে পারে।

রোববার (১৫ মার্চ ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে লারিজানি বলেন, “আমি শুনেছি যে যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের নেটওয়ার্কের বাকি সদস্যরা ৯/১১-এর মতো একটি ঘটনা তৈরি করে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে।”

তিনি আরও বলেন, ইরান নীতিগতভাবে এমন কোনো সন্ত্রাসী হামলার বিরোধী এবং মার্কিন জনগণের সঙ্গে তার কোনো যুদ্ধ নেই। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অংশ হিসেবে ইরান দৃঢ় প্রতিরোধ গড়ে তুলছে।

লারিজানি উল্লেখ করেন, “এই আত্মরক্ষার মধ্যে আগ্রাসীদের শাস্তি দিতে ইরান কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।”

এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলে চালানো ড্রোন হামলার সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে। তারা সৌদি কর্তৃপক্ষকে হামলার উৎস তদন্তের আহ্বান জানিয়েছে।

এর আগে প্রকাশিত মার্কিন সরকারি নথি থেকে জানা গেছে, জেফ্রি এপস্টেইন দীর্ঘদিন ধরে রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রেখে বহু যুবতী ও কিশোরীকে নির্যাতন করেছেন। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এপস্টেইনকে ক্রিপ হিসেবে সমালোচনা করেছিলেন।

সূত্র: আল জাজিরা 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যৌন অপরাধী #জেফ্রি এপস্টেইন