আন্তর্জাতিক

ইরানি কারখানায় মার্কিন-ইসরাইলি হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের একটি শিল্প কারখানায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। হামলার সময় কারখানার ভেতরে শ্রমিকরা কাজ করছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের আধা-সরকারি ফার্স সংবাদ সংস্থার জানায়, শনিবার (১৫ মার্চ) গরম ও ঠান্ডা নিয়ন্ত্রণের যন্ত্রপাতি তৈরির একটি কারখানায় এই হামলা হয়। ইরানি সূত্রগুলো হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে।

এদিকে শনিবার ইরান নতুন করে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদকদের মতে, জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ছয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এবং এর কিছুতে ক্লাস্টার বোমার ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। দ্য টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে ক্লাস্টার গোলাবারুদের আঘাতে ১২ বছর বয়সী এক শিশুসহ তিনজন আহত হয়েছেন।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্কিন–ইসরাইলি হামলার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১,৪৪৪ জন নিহত এবং ১৮ হাজার ৫০০ জনের বেশি আহত হয়েছেন। সংঘাত শুরুর পর দেশটির বিভিন্ন শহরে ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটেছে।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয়। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র #হামলা