আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বছিলা ও পূর্বাচলের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঘরমুখো যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় যাত্রায় লঞ্চ চলাচলের সূচি প্রকাশ করেছে সংস্থাটি।
শনিবার (১৪ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা নদী বন্দরের (সদরঘাট) অতিরিক্ত যাত্রী চাপ কমাতে এবং যাত্রীদের বিকল্প নৌপথে যাতায়াতের সুবিধার্থে এবার বছিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হচ্ছে। আগামী ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা লঞ্চঘাট থেকে ছয়টি এবং শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে তিনটি লঞ্চ বিশেষ সার্ভিসের মাধ্যমে বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।
সূচি অনুযায়ী, বছিলা লঞ্চঘাট থেকে প্রতিদিন সকাল ৭টায় এমভি টিপু লঞ্চ হাকিমুদ্দিন, সকাল সাড়ে ৮টায় এমভি ইমাম হাসান-৫ লঞ্চ শরীয়তপুর এবং বেলা ১১টায় এমভি ঈগল-৪ লঞ্চ চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু করবে। এছাড়া দুপুর ১২টায় এমভি টিপু-৬ ও বিকাল সাড়ে ৫টায় এমভি ইয়াদ-১ লঞ্চ ইলিশার উদ্দেশে এবং দুপুর ১টা ৩০ মিনিটে এমভি বোগদাদীয়া-১২ ও এমভি শরিয়তপুর-৩ লঞ্চ গলাচিপার উদ্দেশে বছিলা থেকে ছেড়ে যাবে।
শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে সকাল ৮টায় এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস ও সকাল ৯টায় এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ চাঁদপুরের উদ্দেশে এবং সকাল ৮টায় এমভি রাজারহাট বি লঞ্চ বরিশালের উদ্দেশে ছেড়ে যাবে। বরিশাল থেকে শিমুলিয়ার উদ্দেশে ফিরতি লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ৭টায়।
আই/এ