আন্তর্জাতিক

খার্গ দ্বীপে হামলার প্রতিশোধের হুমকি ইরানের

ইরানের তেল ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা হলে অঞ্চলে যুক্তরাষ্ট্র–সংশ্লিষ্ট তেল কোম্পানিগুলোর স্থাপনায় পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। শনিবার (১৪ মার্চ) দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর ইউনিফায়েড কমব্যাট্যান্ট কমান্ড এবং খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তেল কোম্পানিগুলোর মালিকানাধীন তেল ও জ্বালানি অবকাঠামো ‘তাৎক্ষণিকভাবে ধ্বংস করে ছাইয়ের স্তূপে পরিণত করা হবে’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের ঘোষণা দেওয়ার পরই এই হুঁশিয়ারি আসে। খার্গ দ্বীপ ইরানের অন্যতম প্রধান তেল রপ্তানি টার্মিনাল, যেখান থেকে দেশটির প্রায় ৯০ শতাংশ তেল বিদেশে পাঠানো হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, খার্গ দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্যবস্তু ‘সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে’ যুক্তরাষ্ট্র।

তবে তিনি বলেন, দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। একই সঙ্গে সতর্ক করে ট্রাম্প জানান, যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা বা নিরাপত্তা ব্যাহত করার চেষ্টা করা হয়, তাহলে তেল অবকাঠামোতে হামলার সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে পুনর্বিবেচনা করা হবে।

এর আগে অবশ্য ইরানের জ্বালানি সংশ্লিষ্ট স্থাপনায় হামলার বিষয়ে অনীহা দেখিয়েছিলেন ট্রাম্প। এমনকি যুদ্ধ শুরুর কয়েকদিন পর তেহরানের একটি বড় তেলের ডিপোতে ইসরাইল হামলা চালালে সে হামলার প্রতি পরোক্ষ সমালোচনা জানিয়েছিল ট্রাম্প প্রশাসন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র #ইসরাইল #খার্গ