ইরানের ইসলামি বিপ্লবের নতুন নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন ইরাকের নাজাফভিত্তিক প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি আল-সিস্তানি। তিনি ইরানকে তার ‘অমঙ্গল কামনাকারীদের’ মোকাবিলায় সফল হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন।
বুধবার (১১ মার্চ) এক বার্তায় সিস্তানি সাবেক নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে তাকে সম্মানসূচক বাক্য “রিজওয়ানুল্লাহি আলাইহ” (আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করুন) বলে উল্লেখ করেছেন।
বার্তায় বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন নেতা আল্লাহর সহায়তায় মহান ইরানি জাতির সেবা, অমঙ্গল কামনাকারীদের প্রতিহত করা এবং জাতীয় ঐক্য বজায় রাখতে সফল হবেন।
ইরানের সংবিধান অনুযায়ী দেশের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় নেতা নির্বাচনের ক্ষমতাসম্পন্ন ৮৮ সদস্যের আলেমদের পরিষদ, অ্যাসেম্বলি অব এক্সপার্টস, রোববার রাতে আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনিকে ইসলামি বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত করেছে।
৫৬ বছর বয়সী এই নেতা তার পিতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার পিতা নিহত হয়েছেন বলে ইরান জানিয়েছে। ওই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিকও নিহত হন। এছাড়া মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে হামলায় প্রায় ১৭০ জন শিক্ষার্থী নিহত হয়েছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে।
সূত্র: প্রেস টিভি
এসি//