ইরানের রাজধানী তেহরানে একটি ব্যাংক ভবনে ইসরাইলি বিমান হামলায় অন্তত একজন কর্মচারী নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তেহরানের একটি ব্যাংক ভবনকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এতে ব্যাংকের একজন কর্মচারীর মৃত্যু হয় এবং ভবনটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে তেহরান শহরের কেন্দ্রস্থলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।
স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়, শহরের একটি আবাসিক এলাকাকে লক্ষ্য করেও বোমা নিক্ষেপ করেছে ইসরাইলি বাহিনী।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানো হচ্ছে।
আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক হামলাগুলোতে তেল স্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
এদিকে ইরান দাবি করেছে, যুদ্ধ শুরুর ১১ দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী দেশটির প্রায় ১০ হাজার বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এতে এক হাজার ৩০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি তেহরানের।
এসি//