জাতীয়

আজও ঢাকার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে দেশেও। সম্ভাব্য সংকটের আশঙ্কায় রাজধানী ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।

সোমবার (0৯ মার্চ) ও মঙ্গলবার (১০ মার্চ) থেকেই ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে ভিড় বাড়তে থাকে। বুধবার (১১ মার্চ) সকালেও একই চিত্র দেখা গেছে। তেল সংগ্রহ করতে মোটরসাইকেল ও গাড়িচালকদের অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।

অনেক চালক ফজরের নামাজের পর থেকেই লাইনে দাঁড়িয়েছেন। কেউ কেউ আবার সাহরি খেয়েই চলে এসেছেন পাম্পে। এমনকি গভীর রাতেও অনেককে লাইনে অপেক্ষা করতে দেখা গেছে।

ফিলিং স্টেশনের কর্মীরা জানান, জ্বালানি তেলের সরবরাহ ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হচ্ছে। তবে সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ীই তেল দেওয়া হচ্ছে।

অন্যদিকে চালকদের অভিযোগ, এই ভোগান্তি কমাতে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তাদের কেউ কেউ দাবি করছেন, কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে তেল মজুত করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। এর ফলে তেল ও গ্যাস উৎপাদন এবং সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে, পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দামও বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশে আতঙ্কে বেশি করে তেল কেনার প্রবণতা দেখা দিয়েছে। এতে হঠাৎ চাহিদা বেড়ে গিয়ে সরকারি মজুদের ওপরও চাপ তৈরি হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মধ্যপ্রাচ্য #জ্বালানি তেল #সংকট #ফিলিং স্টেশন