বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং নির্মাণ খাতের ক্রমবর্ধমান সংকটের মধ্যে আবাসন শিল্পকে ধসের হাত থেকে রক্ষা করতে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
মঙ্গলবার (১০ মার্চ) রিহ্যাবের শীর্ষ নেতারা বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রস্তাব তুলে ধরেন। তারা ব্যাংক ঋণের সুদ হারের মাত্রা কমানো, লোন অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং দীর্ঘমেয়াদি আবাসন ঋণ সুবিধা চালুর ওপরও জোর দেন।
রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেন, “আবাসন খাত শুধু নিজেই নয়, এর সঙ্গে প্রায় ২৫০টিরও বেশি শিল্প খাত সরাসরি যুক্ত। বর্তমান বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধের কারণে নির্মাণসামগ্রীর দাম আকাশচুম্বী এবং অর্থায়ন সংকট তৈরি হয়েছে। এই বিশেষ তহবিল ছাড়া চলমান প্রকল্পগুলো সচল রাখা কঠিন।”
তিনি আরও বলেন, “মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত জনগণের স্বপ্নের আবাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা এখন সময়ের দাবি।”
সাক্ষাৎ শেষে রিহ্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক চাহিদাপত্র গভর্নরের কাছে হস্তান্তর করা হয়।
এসি//