আন্তর্জাতিক

ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুমকি জং উনের!

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান বার্ষিক যৌথ সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়েছেন। দেশ দুটিকে তিনি সতর্ক করেছেন যে, কোরিয়ান উপদ্বীপের পরিস্থিতি আরও অস্থিতিশীল করলে তা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।

কেসিএনএ-এর মাধ্যমে মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত বিবৃতিতে কিম ইয়ো জং বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন যে কোনো প্রদর্শন অনির্ধারিত ও মারাত্মক ফলাফল বয়ে আনবে। পাশাপাশি তিনি শত্রুপক্ষকে তাদের ধৈর্য, ইচ্ছা ও সক্ষমতার পরীক্ষা নেয়ার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ‘ফ্রিডম শিল্ড’ নামের বার্ষিক বসন্তকালীন যৌথ সামরিক মহড়া শুরু করেছে। ১১ দিনব্যাপী এই মহড়ায় প্রায় ১৮ হাজার সেনা অংশগ্রহণ করবে। তবে গত বছরের তুলনায় এবার মাঠ পর্যায়ের প্রশিক্ষণ মহড়ার সংখ্যা কমানো হয়েছে; যেখানে ২০২৫ সালে ৫১টি মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছিল, এবার তা ২২টিতে নামানো হয়েছে।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই ধরনের যৌথ মহড়াকে ‘আক্রমণের মহড়া’ হিসেবে ধরা হয়।

কিম ইয়ো জং জানিয়েছেন, কোরিয়ার নিরাপত্তা ও সার্বভৌমত্ব সবসময় অপ্রতিরোধ্য থাকবে এবং তা রক্ষার জন্য তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

তিনি আরও বলেছেন, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা শক্তি আরও জোরদার করা হবে, যাতে কোনো বাহ্যিক হুমকি তাদের ওপর চাপ সৃষ্টি করতে না পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কিম জং উন #ট্রাম্প