যশোরের চৌগাছায় অবৈধভাবে মজুত ৫৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল ও ৩৮ লিটার অকটেন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। তেল মজুত করায় ওই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার (৮ মার্চ) বিকালে যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসান এই অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ওসি রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিজাম উদ্দিন নামে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন।
পরে একই বাজারের রুহুল আমিন নামে অপর ব্যবসায়ীকে ওজন ও পরিমাণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, জব্দ করা তেল মিনা ফিলিং স্টেশন ও আর এস ফিলিং স্টেশনে বিক্রির জন্য রাখা হয়েছে। সেখানে ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে ওই টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।
আই/এ