প্রবাস

তুরস্কে ঘুমন্ত অবস্থায় বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

তুরস্কে ঘুমন্ত অবস্থায় প্রবাসী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা মেড্ডা গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে তারেক মিয়া (৪৫) ও তার একমাত্র ছেলে সাব্বির (২২)। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সাব্বিরের চাচাতো ভাই লিটন মিয়া (২৬)। এ ঘটনায় ফেনী জেলার এক যুবকও মারা গেছেন বলে জানাগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়া থেকে তাদের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকালে তাদের শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ওই প্রবাসীদের কর্মরত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। 

নিহতদের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ প্রায় ১৭ বছর আগে জীবিকার সন্ধানে তুরস্কে পাড়ি জমান তারেক মিয়া। সেখানে কুর্দিস্তান আরবিল নামক এলাকায় একটি প্লাস্টিক কোম্পানীতে তিনি কাজ করতেন। প্রথম স্ত্রী মারা যাওয়ায় পর চার বছর আগে প্রবাসে থাকা অবস্থায় ভিডিও কলে পারভীন আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন। পরে দুই বছর আগে তিনি একমাত্র ছেলে সাব্বিরকে তুরস্কে নিয়ে যান। নিহত সাব্বিরের স্ত্রী ও ১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। 

গত মঙ্গলবার রাতে বাবা-ছেলে দুইজনসহ ৫ জন রাতের খাবার খেয়ে নিজেদের শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। এরপর আর তাদের সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত তারেক মিয়ার সহকর্মীদের বরাত দিয়ে পরিবারর সদস্যরা আরো জানান, তুর্কি পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে খাদ্যে বিষক্রীয়া থেকে তাদের মৃত্যু হয়েছে। সেখানকার একটি হাসপাতালে তাদের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। 

এদিকে একসাথে বাবা-ছেলের মৃত্যুতে পরিবারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খবরটি ছড়িয়ে পড়লে তাদের আত্মীয় স্বজনরা শোকার্ত পরিবারের বাড়িতে গিয়ে স্বান্তনা দিচ্ছেন। মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। 

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তুরস্ক