শুধুমাত্র যুক্তরাষ্ট্র, ইসরাইল, ইউরোপ এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বৃহস্পতিবার (০৫ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানা গেছে।
আইআরজিসি জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও যুদ্ধকালীন বিধান অনুযায়ী হরমুজ প্রণালিতে চলাচল নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধ পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল সীমিত করার বিষয়টি আগেই ঘোষণা করা হয়েছিল।
সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরাইল, ইউরোপ ও তাদের মিত্র দেশগুলোর কোনো জাহাজ ওই এলাকায় দেখা গেলে সেটিকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হতে পারে।
উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালির মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। তাই এই নৌপথে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসি//