ইসরাইলের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাশাপাশি ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতেও পৃথক হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই হামলার তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরে উত্তর ইসরাইলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি জানায়, তারা একাধিক ড্রোন ব্যবহার করে ঘাঁটির রাডার ব্যবস্থা ও নিয়ন্ত্রণ কক্ষে আঘাত হেনেছে।
হিজবুল্লাহর দাবি, লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে।
অন্যদিকে একই দিনে সকালে বাহরাইন – শেখ ইসা অঞ্চল–এ অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে আইআরজিসি।
তাদের বিবৃতিতে বলা হয়, প্রায় ২০টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করে ঘাঁটির প্রধান কমান্ড ও সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়। হামলার ফলে ঘাঁটির জ্বালানি ট্যাংকগুলোতে আগুন লাগার ঘটনাও ঘটে।
তবে ইরানের এই হামলার বিষয়ে বাহরাইন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
এসি//