ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্থানীয় সংসদ সদস্য ও অর্থ–পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি-কে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে উল্টে পড়েছে। এ ঘটনায় ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে রওনা হয়। গাড়িটি ভেলানগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের ডান পাশের জমিতে ছিটকে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আবদুস সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত দুজনকে সরকারি অ্যাম্বুলেন্সে করে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে আজ জুমার নামাজের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
আই/এ