গাজায় সহিংসতার প্রতিবাদে পবিত্র রমজান মাসে ইসরায়েলি খেজুর বয়কট করছেন ভারতের কলকাতার ফল ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাইকারি ফলের বাজার মেছুয়া ফলপট্টির ব্যবসায়ীরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলছেন, মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো দেশের পণ্য পবিত্র মাসে তাদের বাজারে স্থান পাবে না।
সেলক্ষ্যে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গের বাজারে ইসরায়েলি খেজুরের সরবরাহ বন্ধ রাখতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে কিছু অসাধু চক্র ‘কিং সলেমান’, ‘রিচ কান্ট্রি’ বা ‘জর্ডানের খেজুর’-এমন বিভিন্ন নামে মোড়ক বদলে ইসরায়েলি খেজুর বিক্রির চেষ্টা করেছিল। কিন্ত ব্যবসায়ীরা সেই প্রচেষ্টা প্রতিহত করেছে। মুম্বাই থেকে যাওয়া শত শত ইসরায়েলী খেজুরের কার্টন ফেরত পাঠানো হয়েছে।
ব্যবসায়ীদের এই সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা। ইসরায়েলি খেজুরের পরিবর্তে রোজাদাররা এখন ভারত, ইরাক, ইরান, সৌদি আরব, আলজেরিয়া ও তিউনিসিয়ার খেজুর কিনছেন। পাশাপাশি ভিন্ন নামে ইসরায়েলি পণ্য কিনে প্রতারিত হওয়ার আশঙ্কায় অনেকেই দেশি খেজুর কিনছেন।
মেছুয়া ফলপট্টির ব্যবসায়ীরা জানিয়েছেন, ভবিষ্যতে যাতে কেউ নিষিদ্ধ ইসরায়েলী পণ্য বিক্রি করতে না পারে, সেজন্য তারা ঐক্যবদ্ধ থাকবেন।