কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি কর্তৃক ধরে নিয়ে যাওয়া ৭৩ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ওই জেলেদের টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে ফেরত আনা হয়। বিজিবির রামু সেক্টরের কামান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এসব জেলেদের ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধি দল আজ দুপুরে নাফ নদীর শূন্য রেখার উদ্দেশ্যে যাত্রা করে। আরাকান আর্মি নাফ নদীর শূন্য রেখায় এদের হস্তান্তর করে। ফেরত আনা জেলেদের জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
এ বিজিবি কর্মকর্তা বলেন, আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর এদের ফেরত আনা সম্ভব হয়েছে। আরাকান আর্মি দাবি করেছে এসব জেলেরা জলসীমা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করায় আটক করা হয়েছিল। মিয়ানমারে বন্দি বাকি জেলেদের ফেরত আনতে বিজিবির পক্ষে আলোচনা অব্যাহত রয়েছে
প্রসঙ্গত, বিভিন্ন সময় নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জেলে আরাকান আর্মির হাতে আটক রয়েছে। এদের মধ্যে ৭৩ জনকে ফেরত আনা হলো।
আই/এ