বিনোদন

ব্রেন টিউমার অস্ত্রোপচার সফল, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক

ব্যস্ততম ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি—হাসি, প্রাণচাঞ্চল্য আর পর্দাজুড়ে উপস্থিতি দিয়ে যিনি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন—এখন লড়ছেন জীবনের এক কঠিন অধ্যায়ের সঙ্গে। তবে স্বস্তির খবর, তার ব্রেন টিউমারের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রায় চার ঘণ্টাব্যাপী এই জটিল সার্জারির পর তাকে ২৪ ঘণ্টার জন্য চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ।

তিনি জানান, আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির অপারেশন সফল হয়েছে। দীর্ঘ সময় ধরে টিউমার অপসারণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তবে পোস্ট-অপারেটিভ পর্যায়ে নানা জটিলতা দেখা দিতে পারে বলে এই মুহূর্তে তাকে পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন তিনি।

চিকিৎসকরাও জানিয়েছেন, সফল অস্ত্রোপচারের পর নির্দিষ্ট সময় পর্যন্ত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্যেই রাখা হবে তাকে। এ সময় হাসপাতালে অযথা ভিড় বা অতিরিক্ত ফোনকল না করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল-এ ভর্তি হন তানিয়া বৃষ্টি। সেদিনই নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার কথা জানান তিনি। ভালোবাসা দিবসে হাসপাতালের বিছানায় বসে ফুলের তোড়া দিয়ে মুখ ও মাথা আড়াল করে তোলা একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, পরিবারের কাছ থেকে ফুল পেয়েছেন এবং সবার কাছে দোয়া চান। একই সঙ্গে জানান, ১৫ ফেব্রুয়ারি তার মাথায় অস্ত্রোপচার হবে।

ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে ঘাসফুল সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত গোয়েন্দাগিরি চলচ্চিত্রে দেখা যায় তাকে। দীর্ঘ বিরতির পর নির্মাতা রায়হান খান-এর পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

এদিকে ভক্ত ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন। প্রিয় অভিনেত্রী কবে আবার সুস্থ হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন—এখন সেই অপেক্ষায়ই আছেন সবাই।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #তানিয়া বৃষ্টি #ব্রেন টিউমার