রাজনীতি

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: সালাহউদ্দিন

রাষ্ট্র ও সংবিধান সংস্কারে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইতোমধ্যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ একটি রাজনৈতিক সমঝোতার দলিল এবং এটি পুরোপুরি বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় তিনি সুশাসন, সাম্য ও মানবিক মর্যাদাভিত্তিক রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনে বিজয়ের পর দেশ পরিচালনায় মেধা ও প্রযুক্তিনির্ভর নীতি গ্রহণ করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা এবং দুর্নীতি দমন—এই তিনটি ক্ষেত্রকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, “আমরা তিনটি জিনিসকে সবচাইতে গুরুত্ব দিচ্ছি, আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূল করা।”

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। এ ক্ষেত্রে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিকে প্রাধান্য দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি #জুলাই সনদ #সালাহউদ্দিন আহমদ