এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না, বিচার নিশ্চিত করতে পারে না। তারা যদি আবার বিচার দাবিতে আন্দোলন করলেও বাধা দেয়, তাহলে সেটি চরম ব্যর্থতা ছাড়া কিছু নয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসায় এক নির্বাচনী পথসভা শেষে তিনি এ কথা বলেন।
সারজিস বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। কয়েকদিনের মধ্যেই নির্বাচন হলেও এ ঘটনায় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণেই তারা তদন্ত সাপেক্ষে বিচার কার্যক্রম জাতিসংঘের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে।
তিনি বলেন,কিন্তু আজ শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও গুলি চালায়। এতে বহু মানুষ আহত ও রক্তাক্ত হন।
তিনি আরও বলেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডের বিচার করতে ব্যর্থ হয়েছে, তাই তাদের উচিত ব্যর্থতার দায় স্বীকার করে তদন্ত ও বিচার কার্যক্রম জাতিসংঘের হাতে তুলে দেওয়া। তাহলে দ্রুতই এই ঘটনার সুষ্ঠু সমাধান সম্ভব।
এসময় ইনকিলাব মঞ্চের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার তীব্র নিন্দা জানান সারজিস আলম।
আই/এ