ঢাকায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রাম ও রাজশাহীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে এই বিক্ষোভ শুরু হয়। এ সময় রাজশাহী-ঢাকা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা হাদি হত্যার বিচার দাবি এবং হামলার প্রতিবাদে নানা স্লোগান দেন। হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার ও অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কথাও বলেন তারা।
মাগরিবের নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দীন আম্মারের ওপর হামলার প্রতিবাদে ও ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাকসু’র প্রতিনিধিরা। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তারা। পরে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জোহা চত্বরে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
রাকসুর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুছ সাকিব বলেন, আমাদের ভাই হাদির ওপর দেশীয় দোসর ও বহিরাগত শত্রুরা হামলা চালিয়েছে। হাদি এমন একটি স্বাধীন ও পরনির্ভরশীলতামুক্ত বাংলাদেশ চেয়েছিল, যা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। এটাই ছিল তার অপরাধ।
চট্রগ্রামে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আন্দোলনের কারণে মুরাদপুর থেকে জিইসি যাওয়ার পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়াও দুই নম্বর গেট থেকে মেডিক্যাল সড়ক, বায়েজিদ সংযোগ সড়কেও যানচলাচল কমে যায়।
আই/এ