জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই-কমিশনারের বৈঠক

শেখ হাসিনাসহ হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদেরও দেশে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে এসব বিষয়ে অনুরোধ জানানো হয়। পরে গণমাধ্যমকে বিষয়টি জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।

তিনি জানান, বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার জন্য ভারতের প্রতি বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধও পুনর্ব্যক্ত করা হয়েছে।

ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত নভেম্বরে শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তাকে দেশে ফেরত পাঠানোর জন্য এর আগে একাধিকবার নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। শেখ হাসিনা অবশ্য ভারতে অবস্থানকালে রয়টার্সকে জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার।

অন্যদিকে, গত বছরের ডিসেম্বরে গুলিতে শরীফ ওসমান হাদি নিহত হওয়ার প্রায় আড়াই মাস পর মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান উপ-প্রেস সচিব। বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরির ওপর প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্ব দিয়েছেন বলেও জানান তিনি।

এ সময় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। ঢাকায় দায়িত্ব নেওয়ার পর গত দুই মাসের অভিজ্ঞতাও তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটিই ছিল তার প্রথম সাক্ষাৎ। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ হাসিনা #শরীফ ওসমান বিন হাদি #ইনকিলাব মঞ্চ #হত্যা #তারেক রহমান