রাজধানী

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকালে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি চাকরিজীবীরা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে সেখান থেকে মিছিল নিয়ে তারা যমুনার উদ্দেশে রওনা দেন।

বেলা ১১টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালসংলগ্ন সড়কে পৌঁছালে পুলিশ ব্যারিকেড স্থাপন করে। আন্দোলনকারীরা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। তবে কিছু সময় পর আন্দোলনকারীরা আবার জড়ো হয়ে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

বেলা সাড়ে ১১টার পর থেকে যমুনামুখী সড়কজুড়ে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী পুনরায় টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী ১৪৪ ধারা জারির ঘোষণা দেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধান উপদেষ্টা #যমুনা