বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়ার পর ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে ধন্যবাদ জানান তিনি।
পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে তার দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।’
উপদেষ্টা আরও লিখেছেন, ‘বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি (শাহবাজ শরিফ) বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’’
বাংলাদেশকে এবারের বিশ্বকাপ থেকে বাদ দেয়ার পর স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। বাংলাদেশ সরকার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দলকে ভারতে যেতে অনুমতি দেয়নি এবং শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তবে আইসিসি বোর্ডের ভোটে সে প্রস্তাব নাকচ হয়ে যায়। ওই ভোটে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেয়।
পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এর আগে এই সিদ্ধান্তকে আইসিসির ‘দ্বৈত মানদণ্ড’ বলে উল্লেখ করেছিলেন। তার যুক্তি ছিল, এক দেশের ক্ষেত্রে ভিন্ন নিয়ম আর অন্য দেশের ক্ষেত্রে ভিন্ন আচরণ গ্রহণযোগ্য নয়।
এদিকে আইসিসি এক বিবৃতিতে পাকিস্তানকে সতর্ক করে জানিয়েছে, এই সিদ্ধান্ত পাকিস্তানের ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থের পাশাপাশি বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার ওপরও প্রভাব ফেলতে পারে। পিসিবিকে সব পক্ষের স্বার্থ রক্ষা করে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এসি//