নির্বাচনে কারচুপির ইঙ্গিত মিলছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন নির্বাচন ও গণতন্ত্র বিষয়ক রিপোর্টার্স ফোরাম–এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, কারণ এই দিনের জন্য দীর্ঘ ১৬ বছর ধরে সংগ্রাম হয়েছে। তিনি বলেন, এই দীর্ঘ আন্দোলন ও গণ–অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে জনগণই হবে সব রাজনৈতিক ক্ষমতার উৎস।
তিনি আরও বলেন, দেশবাসী অতীতে ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের নিশিরাতের নির্বাচন এবং ২০২৪ সালের ডামি নির্বাচন দেখেছে। এসব নির্বাচনের মাধ্যমে প্রকৃতপক্ষে ক্ষমতা কুক্ষিগত রাখতে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
সাংবাদিকদের উদ্দেশে মাহদী আমিন বলেন, ডাক ব্যালট ব্যবস্থায় কীভাবে বিশেষ কৌশল প্রয়োগ করা হয়েছে, তা সাংবাদিকরাই তুলে ধরেছেন। বর্তমানে দেশের মানুষ মোটামুটি জানে, কীভাবে ডাক ব্যালট নির্দিষ্ট পক্ষের সুবিধা ও অন্য পক্ষের অসুবিধার জন্য ব্যবহার করা হয়।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ছে। কোথাও বলা হচ্ছে বিপুলসংখ্যক ভোটার স্থানান্তরের কথা, আবার কোথাও শোনা যাচ্ছে ঢাকার কিছু এলাকায় ব্যাপকভাবে বোরকা তৈরি করা হচ্ছে। এসব বিষয় নিয়ে নানা আলোচনা চলছে।
সবশেষে তিনি আহ্বান জানান, আসন্ন নির্বাচনে যেকোনো ধরনের অনিয়ম, কারচুপি কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে দেশ ও দেশের মানুষের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।