চলতি মাসের শুরুতে মার্কিন মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে প্রবেশ করলেও গাজায় সহিংসতা থামেনি। অবরুদ্ধ ফিলিস্তিনি উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর রাতভর চালানো হামলায় শিশুসহ অন্তত ১০জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুও রয়েছে। গাজা ও মিসরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং সীমিত সংখ্যক মানুষের চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার দুই দিনের মধ্যেই এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।
একই সময় দখলকৃত পশ্চিম তীরের জেরিকো এলাকায় ইসরাইলি অভিযানের সময় এক ফিলিস্তিনি যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত পাঁচ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, টানা দুই বছরের সংঘাতে উপত্যকাটিতে এখন পর্যন্ত কমপক্ষে ৭১ হাজার ৮০৩ নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৭১ হাজার ৫৭৫ জন। জাতিসংঘ এই পরিসংখ্যানকে বিশ্বাসযোগ্য বলে উল্লেখ করেছে।
এদিকে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার জেরুসালেমে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন।
অন্যদিকে, দুই বছর পর রাফাহ ক্রসিং পুনরায় খোলার দ্বিতীয় দিনে ইসরাইল মাত্র ১৬জন ফিলিস্তিনি রোগী ও তাদের স্বজনদের গাজার বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে।
এমএ//