এনসিপি মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ করা হচ্ছে। স্পষ্টভাবেই এই নির্বাচনটা একটা কারচুপির নির্বাচন হতে যাচ্ছে। একটা ইঞ্জিনিয়ারিং করার মন-মানসিকতা তাদের মধ্যে আছে বলে প্রতীয়মান হচ্ছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, প্রিজাইডিং অফিসার নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন বাহিনী তাদের ইনফরমেশন নিচ্ছে। যদিও কোনো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এ ধরনের ইনফরমেশন নেওয়ার কথা না। তারা জানতে পেরেছেন মিড লেভেলের এবং ওপরের লেভেলের হয়তো কারও কারও সহায়তায় গোয়েন্দা সংস্থা এই ইনফরমেশনগুলো নিচ্ছেন এবং সেখানে তারা স্পেসিফিকলি রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ করছেন।
তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শ দেখে এর আগে চাকরি হতে, প্রমোশন হতে। এখন প্রিজাইডিং অফিসার নির্ধারণ হচ্ছে। যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রিজাইডিং অফিসাররা দায়িত্বে থাকবেন তখন স্পষ্টভাবেই এই নির্বাচনটা একটা কারচুপির নির্বাচন হতে যাচ্ছে। একটা ইঞ্জিনিয়ারিং করার মন-মানসিকতা তাদের মধ্যে আছে বলে প্রতীয়মান হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটা গভীর খাদের মতো হয়ে গেছে। সেখানে এনসিপির চিঠি গেলে সেটা আর কখনও ফেরত আসছে না। কিন্তু কোন কর্মকর্তা বিএনপির কোনো প্রার্থীকে শোকজ করলে চিঠিও দেওয়া লাগছে না বিকেলের মধ্যে সেই কর্মকর্তাকে প্রত্যাহার করা হচ্ছে।
সাবেকে এ উপদেষ্টা অভিযোগ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ কিছু জায়গা থেকে স্পষ্টভাবে একটা দলকে সহযোগিতা করা হচ্ছে। নির্বাচনে তাদের বিরোধিতা নাই বরং নিরপেক্ষ অফিসারদের মাঠ থেকে সরিয়ে তাদের অফিসারদের সেখানে দায়িত্ব দেওয়া হচ্ছে, যাতে করে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একজন নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী করা যায়।
আই/এ