আন্তর্জাতিক

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের সম্ভাবনা

আগামী সপ্তাহে তুরস্কে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হতে পারে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তা জানান, আসছে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) মার্কিন মধ্যস্থতাকারী ও ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে। স্পর্শকাতরতার কারণে তিনি নিজের পরিচয় প্রকাশ করেননি।

এই সম্ভাব্য বৈঠকের খবর সামনে আসে তেহরানের পক্ষ থেকে পুনরায় পারমাণবিক আলোচনা শুরুর আহ্বানের পর। এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সংলাপ এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হুমকি বন্ধ এবং অযৌক্তিক প্রত্যাশা না থাকলে পররাষ্ট্রমন্ত্রীকে সমতাভিত্তিক ও ইরানের জাতীয় স্বার্থ অক্ষুণ্ন থাকবে এমন আলোচনায় এগোতে বলা হয়েছে। 

অন্যদিকে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে তিনি এখনো আশাবাদী। তিনি সতর্ক করে জানান, কোনো চুক্তি না হলে পরিস্থিতি খারাপ দিকে যেতে পারে।

তেহরান কূটনৈতিক পথকে গুরুত্ব দিলেও সম্ভাব্য আগ্রাসনের ক্ষেত্রে কঠোর জবাবের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। ইরান স্পষ্ট করেছে, আলোচনা কেবল পারমাণবিক কর্মসূচি নিয়েই হবে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা প্রতিরক্ষা সক্ষমতা আলোচনার আওতায় আসবে না।

এদিকে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্র সুষ্ঠু ও সমতাভিত্তিক পথে এগোলে পারমাণবিক চুক্তিতে পৌঁছানো সম্ভব।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইরান #এএফপি #যুক্তরাষ্ট্র–ইরান বৈঠক