জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকারত্বের কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেকারত্বের কারখানায় পরিণত করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম উল্ল্যেখ করে তিনি বলেন, কিছু বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানোর জন্য বাজেট দিতে হচ্ছে।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাবির অবস্থান’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের জন্য শিল্পপ্রতিষ্ঠানে পাঠানোর আগে শিক্ষকদেরই সেখানে গিয়ে গবেষণা করা উচিত। সেই গবেষণার ভিত্তিতে কারিকুলাম ও সিলেবাস সাজাতে হবে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হলে তারা কী সুবিধা পাবে, সেটিও নিশ্চিত করতে হবে। কেবল শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে সুবিধা নেওয়ার চিন্তা না করে তাদের জন্যও কার্যকর সুবিধা তৈরি করা এবং গবেষণালব্ধ জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে হবে। এ সময় বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে যৌথ গবেষণা ও উদ্ভাবনের সম্পর্ক তৈরির পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে তাদের সুনির্দিষ্ট প্রয়োজন ও প্রত্যাশা তুলে ধরার আহ্বান জানান তিনি। এসব বিষয়ে সরকার সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

বেকারত্বের চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশে বেকারত্ব দূর করতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর পরিকল্পনা দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আগামী পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়টি কতটা বেকারত্ব কমাতে পারবে, সেই তথ্য চেয়েছেন তিনি। কিন্তু নয় মাসেও এ বিষয়ে তথ্য পাওয়া যায়নি বলে জানান শিক্ষামন্ত্রী।

সরকার নতুন দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা নিয়ে শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করতে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেশনজট নিরসন, গবেষণার বাস্তব প্রয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান।

সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

এ সময় দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষামন্ত্রী #ঢাকা বিশ্ববিদ্যালয়