দেশজুড়ে

কক্সবাজারে বিপুল পরিমাণ বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, আটক ২

কক্সবাজারে বিপুল পরিমাণ বিস্ফোরক, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় টেকনাফের নতুন পল্লানপাড়ার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিমকে (১৮) আটক করা হয়েছে।  

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, রাত ১০টার দিকে টেকনাফের বটতলী থেকে পর্যটনপাড়া আদর্শগ্রাম হয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান পরিবহনের খবর পায় বিজিবি। পরে ওই এলাকায় পাঁচটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় বিজিবি।

এ সময় আদর্শগ্রামের একটি কাঁচা সড়ক দিয়ে আসা দুটি অটোরিকশাকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা। জিজ্ঞাসাবাদে চালকেরা জানান, গাড়িতে থাকা মালামাল সামনের একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের। পরে মোটরসাইকেলটির আরোহীদের থামানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। পরে মোটরসাইকেলে থাকা তিনজন সেটি ফেলে অন্ধকারে পালিয়ে যান।

অটোরিকশা দুটি বিজিবি সদর দপ্তরে নিয়ে তল্লাশি করা হয়। এ সময় বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক ও ২৫৪ রাউন্ড গুলি। এ ছাড়া আইইডি তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, একটি উন্নতমানের টুলস বক্স ও ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স রয়েছে।

অভিযানে ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গানপাউডার, ১ কেজি ৮৫২ গ্রাম মোটা দানার বিস্ফোরক, ২ কেজি ৭০৮ গ্রাম মাঝারি দানার বিস্ফোরক এবং ২ কেজি ৪৯ গ্রাম মিহি দানার বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের বল ও ৩ কেজি পেরেক জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সারা দেশের ন্যায় টেকনাফ সীমান্তেও নাশকতার পরিকল্পনা ছিল। এর অংশ হিসেবে বিপুল পরিমাণ বোমা তৈরির আইইডিসহ আগ্নেয়াস্ত্র ও গুলি মজুত করা হচ্ছিল। অবশেষে সেই চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বিজিবি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #আইইডি