রাজধানীর লালবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা।
শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,গলে ১৯ নভেম্বর রাতে লালবাগ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা গেল ১৩ নভেম্বর দুপুরে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিল আয়োজনে অর্থ সহায়তা ও অংশগ্রহণ করেছিল।
আটক ব্যক্তিরা হলেন- আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ মিজ্জু (৬২), লালবাগ থানা যুবলীগের নেতা মো. জালাল উদ্দিন (৪৫), লালবাগ থানা যুবলীগের নেতা মো. আপেল মাহমুদ (৪২) ও লালবাগ থানা ২৬ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ বি এম টিটু (৫৩)।
এ ঘটনায় পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এমজে/এ