গাজায় ইসরাইলি বাহিনীর হাতে নিহত ১৭০ সাংবাদিককে ‘সন্ত্রাসী’ হিসেবে দাবি করেছে ইসরাইল। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলবানিজ বলেন, নিহত সাংবাদিকরা সামরিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন—ইসরাইলের এমন দাবির পক্ষে ‘একটুকরো প্রমাণও’ নেই। বিষয়টি নিয়ে শিগগিরই একটি প্রতিবেদন প্রকাশ করবেন বলেও জানান তিনি।
এর আগে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজায় নিহত এমন ১৭০ ব্যক্তি সম্পর্কে তাদের তদন্তে তথ্য পাওয়া গেছে, যারা নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন। ইসরাইলের দাবি, ওই ব্যক্তিরা আসলে সন্ত্রাসী ছিলেন।
ইসরাইলের এই বক্তব্য প্রত্যাখ্যান করে আলবানিজ বলেন, সাংবাদিকরা সামরিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন—এমন দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। এ বিষয়ে তার পরবর্তী প্রতিবেদনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
আলবানিজ আরও অভিযোগ করেন, পশ্চিমা গণমাধ্যম যখন বিষয়টি যাচাই-বাছাই শুরু করেছে, তখন ইসরাইল অপতথ্য ছড়ানো আরও বাড়িয়ে দিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর একটি ‘বৈধতা প্রতিষ্ঠা সেল’ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তার দাবি, ওই সেল বিভিন্ন গল্প তৈরি করে ইসরাইলের সামরিক কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে।
বিষয়টি নিয়ে আলবানিজের পরবর্তী প্রতিবেদনে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘের এই বিশেষ প্রতিবেদক।
সূত্র: মেহের নিউজ
এসি//