চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় দেবীনগর ইউনিয়নে মহানন্দ নদীতে গোসল করতে নেমে ৫ শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত শিশুরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজাম উদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, বেলা পৌনে একটার দিকে নদীতে বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ পুরুষ মসজিদে এবং নারীরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পাঁচ শিশু বাড়ির পাশে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে পরিবারের কাউকে না জানিয়ে তারা দলবেঁধে চর চাকলা এলাকার মরা নদীর ধারে বন্যার পানিতে গোসল করতে যায়।
পাঁচ শিশু একসঙ্গে পানিতে নামার কিছুক্ষণ পরই তারা ডুবে যায়। তাদের কেউ সাঁতার জানত না বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আই/এ