চট্টগ্রামের আনোয়ারায় দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) টানা সাড়ে পাঁচ মাস ধরে গ্যাস সংকটের কারণে বন্ধ রয়েছে। কারখানাটির কর্মকর্তারা আশা করছেন, চলতি মাসেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, এরপর আবারও উৎপাদনে যাবে সিইউএফএল।
শুক্রবার (২১ আগস্ট) সিইউএফএলের উপব্যবস্থাপক (প্রশাসন) সমীরণ মারমা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ থেকে সার উৎপাদন বন্ধ রয়েছে। চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। চলতি মাসে গ্যাস সরবরাহ পাওয়ার কথা রয়েছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠার সময় কারখানাটির দৈনিক ইউরিয়া উৎপাদন ক্ষমতা ছিল প্রায় এক হাজার ৭০০ মেট্রিক টন এবং বার্ষিক প্রায় ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন। তবে দীর্ঘদিনের ব্যবহার ও যন্ত্রপাতির সক্ষমতা কমে যাওয়ায় বর্তমানে কারখানাটি দৈনিক প্রায় এক হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি দৈনিক প্রায় ৮০০ মেট্রিক টন এবং বছরে প্রায় ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদনের সক্ষমতা রাখে, যা বিভিন্ন শিল্প খাতে গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
এদিকে কৃষি খাতের জন্য গুরুত্বপূর্ণ এই কারখানাটি বন্ধ থাকায় প্রতিদিনই সম্ভাব্য বিপুল পরিমাণ ইউরিয়া উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এতে একদিকে রাষ্ট্রীয় রাজস্বে প্রভাব পড়ছে, অন্যদিকে সারের চাহিদা মেটাতে আমদানিনির্ভরতা বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। উৎপাদন বন্ধ থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ অন্য পরিচালন ব্যয় বহন করতে হচ্ছে। ফলে উৎপাদন না থাকলেও ব্যয় অব্যাহত থাকায় লোকসানের পরিমাণ প্রতিদিনই বাড়ছে।
আই/এ