নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার ঘটনায় সিফাত বাহিনীর প্রধান শেখ সিফাতসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে সিফাতের সহযোগী হিসেবে পরিচিত হোয়াইট জুম্মন এবং তিন নারীও রয়েছেন। তাৎক্ষণিকভাবে বাকি আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। বুলবুল ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন।
শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান,গতকাল রাত ৮টার দিকে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হন বুলবুল আহমেদ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরে মারা যান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় স্থানীয় কিশোর অপরাধী দলের কথিত নেতা শেখ সিফাতসহ তার সহযোগীদের বিরুদ্ধে তিনি মামলা করেন।
তার দাবি, ওই মামলার জের ধরেই বুলবুলের সঙ্গে সিফাত ও তার সহযোগীদের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে সালেহনগর এলাকায় বুলবুলের ওপর হামলা চালানো হয়।
এদিকে বুলবুল হত্যার প্রতিবাদে আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা। সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আই/এ