খেলাধুলা

মায়ের মৃত্যুতে শোকাহত জাতীয় দলের সাবেক পেসার শফিউল ইসলাম

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল পেসার শফিউল ইসলামের জীবনে নেমে এসেছে গভীর শোক।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে আটটায় তার মা মারা গেছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে এক মর্মস্পর্শী বার্তার মাধ্যমে নিজের মা হারানোর সংবাদটি ভক্ত ও শুভানুধ্যায়ীদের জানান এই ক্রিকেটার।

ফেসবুকে দেওয়া সেই পোস্টে তিনি লিখেছেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার পরম শ্রদ্ধেয় মা আজ সকাল ৮টা ৩০ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শফিউল মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শফিউল লিখেছেন, মহান আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

দীর্ঘ প্রায় এক দশকের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে বিশ্বমঞ্চে আলো ছড়িয়েছেন এই ডানহাতি পেসার। ২০১০ সালে জাতীয় দলে অভিষেকের পর তিনি দেশের হয়ে ১১টি টেস্ট, ৬০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তার শিকার ১০৭টি আন্তর্জাতিক উইকেট

শফিউলের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ। চট্টগ্রামের সেই ঐতিহাসিক ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের মুখে পড়া দলকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন তিনি।

১৬৯ রানে ৮ উইকেট পতনের পর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে অবিচ্ছিন্ন নবম উইকেট জুটিতে অসম্ভবকে সম্ভব করেছিলেন শফিউল। সেদিন ২৪ বলে অপরাজিত ২৪ রানের লড়াকু ইনিংস খেলে বাংলাদেশের অবিস্মরণীয় ২ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #ক্রিকেট #শফিউল ইসলাম