মঙ্গলবার (১৬ জুন) ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে ‘ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন’ আয়োজিত ক্যামব্রিজ প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট বাংলাদেশ লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সরকারের এই পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় পরিবর্তনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিককে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে পাঠ্যক্রমের আধুনিকায়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, জলবায়ু সহনশীল শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং বিভিন্ন শিক্ষা ধারার মধ্যে সমন্বয় তৈরি করা। পাশাপাশি নতুন সংযোজন হিসেবে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভবিষ্যতের কর্মসংস্থানের উপযোগী দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।
বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যমসহ ২৭টির বেশি শিক্ষা ধারা চালু রয়েছে। এসব ব্যবস্থার মধ্যে সামঞ্জস্য তৈরি করে প্রতিটি শিশুর জন্য একটি অভিন্ন ন্যূনতম মান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। এর ফলে শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান ও দক্ষতা অর্জনের ক্ষেত্রে বৈষম্য কমবে বলে আশা করা হচ্ছে।
প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেন ববি হাজ্জাজ। তিনি বলেন, দক্ষ শিক্ষক ছাড়া কোনো শিক্ষা ব্যবস্থাই কার্যকর হতে পারে না। দেশের বিপুলসংখ্যক প্রাথমিক শিক্ষকের জন্য আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে ক্যামব্রিজের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ভবিষ্যতের শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হবে, যাতে তারা পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসি//