অর্থনীতি

জুনের শুরুতেই দেশে এলো ১৩৬ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

চলতি জুন মাসের প্রথম ১৩ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৩৬ কোটি ২২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। ফলে প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৪৮ লাখ ডলার করে বৈদেশিক মুদ্রা এসেছে দেশে।

বাংলাদেশ ব্যাংকের  হালনাগাদ প্রতিবেদনের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুনের প্রথম ১৩ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৩ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮২ কোটি ৫৩ লাখ ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ৪০ হাজার ডলার।   

গত মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে মার্চে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার প্রবাসী আয় আসে, যা একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে বিবেচিত হয়।

এছাড়া, এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ২০২৪–২৫ অর্থবছরে এখন পর্যন্ত দেশে এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এটি বাংলাদেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, সরকারের প্রণোদনা সুবিধা এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদের সংখ্যা বাড়ার ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। 

 

পি/ডি  

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রবাসী #রেমিট্যান্স #বৈদেশিক মুদ্রা