দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়াকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই অবস্থান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সবসময়ই মতপার্থক্য নিরসন ও উত্তেজনা প্রশমনে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং কূটনৈতিক সম্পৃক্ততার পক্ষে অবস্থান নিয়ে আসছে। তাই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষ এবং মধ্যস্থতাকারীদের ভূমিকা ও প্রচেষ্টাকে বাংলাদেশ প্রশংসা করেছে।
এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ আশা করে এই চুক্তি পারস্পরিক আস্থা ও সদিচ্ছার ভিত্তিতে বাস্তবায়িত হবে এবং এর মাধ্যমে দীর্ঘমেয়াদি, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক শান্তির ভিত্তি আরও সুদৃঢ় হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি শুধু আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের জন্য নয়, বরং বৈশ্বিক শান্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে এই ইতিবাচক অগ্রগতির ধারা বজায় রেখে অবশিষ্ট বিষয়গুলো সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, এই চুক্তি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সহায়তা করবে এবং অঞ্চলটিতে শান্তিপূর্ণ পরিবেশ, স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম, সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে।
এসি//