দেশজুড়ে

দুই ফুট করে খোলা হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে আবারও বৃদ্ধি পেয়েছে কাপ্তাই হ্রদের পানি। পানির স্তর বিপৎসীমার পৌঁছানোর কারণে বাঁধের ১৬টি জলকপাট দুই ফুট করে খুলে দেয়া হয়েছে। ফলে প্রতি সেকেন্ডে ৩৯ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে নির্গত হচ্ছে।

শনিবার (৩১ আগস্ট) সকাল থেকে দুই ফুট করে জলকপাট খুলে দেওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের ।

তিনি জানান, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর আছে ১০৮ দশমিক ৮২ এমএসএল (মিনস সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।

এর আগে, গেলো ৩০ আগস্ট বাঁধের সব জলকপাট এক ফুট খোলা থাকলেও ওইদিন রাতেই পানি বেড়ে যায়।

 

এদিকে হ্রদের পানির স্তর আবারও বেড়ে যাওয়ায় দুর্ভোগে আছেন হ্রদের নিম্নাঞ্চলের মানুষ। প্রায় ১৮ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।এছাড়া পানিবন্দি মানুষের জন্য এখন  পর্যন্ত ৪৭ টন খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কাপ্তাই বাঁধ