আবহাওয়া

এক মাসে তিন ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে এবার ‘কানি’র শঙ্কা!

এক মাসে তিনটি ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে না কাটতেই আবারও নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। সাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত, যা ধীরে ধীরে লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম হবে ‘কানি’। সম্ভাব্য এই দুর্যোগের গতিপথ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

রোববার (২৯ নভেম্বর) ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, একই দিন দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরে ৩০ নভেম্বরের মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

লঘুচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘কানি’। মালদ্বীপের প্রস্তাবিত এ নামটি উপকূলীয় অঞ্চলের এক বিশেষ ধরনের গাছের সঙ্গে সম্পর্কিত।

ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে সাগরের আবহাওয়া আরও উত্তাল হয়ে উঠতে পারে।

প্রাথমিক পূর্বাভাসে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে বলে ধারণা করা হচ্ছে। তবে গতিপথ পরিবর্তন হলে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডেও এর প্রভাব পড়তে পারে।

এদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যেই নিজেদের দুর্যোগ পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছে ভারতের উড়িষ্যা রাজ্য সরকার।

রাজ্যটির রাজস্বমন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, গত ১০ বছরে ১৩টি ঘূর্ণিঝড়ে প্রায় ১৫ হাজার ৪৫৭ কোটি রুপির ক্ষতি হয়েছে।

তিতলি, ফণী, বুলবুল, আম্ফান, ইয়াস ও দানার পর চলতি বছর আঘাত হেনেছে অর্ণব, মুরাসু ও আকভান। এসব দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় জেলাগুলো। ঘূর্ণিঝড়গুলোর প্রভাবে ১৫৬ জন মানুষের পাশাপাশি ৫৫ লাখ ৬৩ হাজার গবাদিপশু ও পাখির মৃত্যু হয়েছে। বিধ্বস্ত হয়েছে ৮ লাখ ২০ হাজার ঘরবাড়ি।

দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার ৮৮০টি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে। পাশাপাশি চালু করেছে সতর্কবার্তা দেওয়ার অ্যাপ ও সতর্কীকরণ ব্যবস্থা। ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণও দ্বিগুণ করা হয়েছে। আগে চার লাখ রুপি দেওয়া হলেও এখন দেওয়া হচ্ছে আট লাখ রুপি।

তবে দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে অসন্তোষ জানিয়েছেন রাজস্বমন্ত্রী সুরেশ পূজারি।

তার দাবি, প্রয়োজনের তুলনায় কেন্দ্রের কাছ থেকে মাত্র ৩০ শতাংশ সহায়তা পাওয়া গেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন