ঘূর্ণিঝড় ‘আকভান’ ঘিরে চার সমুদ্রবন্দরে সতর্কতা
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও শক্তিশালী হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা নাগাদ এটি ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আবহাওয়া অফিসের ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’ একই এলাকায় কার্যত স্থির রয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি শক্তি সঞ্চয় করে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার মধ্যরাতে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।