জাজিরা টোল প্লাজায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিতে যুবলীগ কর্মী নিহত
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে গুলিতে ইব্রাহিম সিপাহী (৩৪) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন রাজ্জাক উদ্দিন নামে ছাত্রলীগের এক কর্মী। সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ এবং মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ সংঘর্ষ হয়।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ গণমাধ্যমকে ইব্রাহিম সিপাহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইব্রাহিম শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী ও সমর্থক জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের কর্মসূচি ঠেকাতে আগের রাত থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০ মিনিট ধরে দুই পক্ষ পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষের সময় গুলিতে ইব্রাহিম সিপাহী নিহত হন। এ সময় রাজ্জাক উদ্দিনও গুলিবিদ্ধ হন।
সংঘর্ষের মধ্যে বিএনপির নেতাকর্মীদের তৈরি অস্থায়ী মঞ্চে আগুন দেওয়া হয়। পাশাপাশি ২০ থেকে ২৫টি মোটরসাইকেল এবং পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে থাকা ফুড ভ্যালি নামের একটি রেস্তোরাঁয় আগুন দেওয়া হয়। এতে রেস্তোরাঁটির আসবাবসহ ভেতরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, সংঘর্ষের সময় ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
অবরোধের কারণে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। সকাল ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হয়। পুলিশ জানিয়েছে, বর্তমানে পদ্মা সেতু দিয়েও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এমএ//