খাবারের প্রলোভনে ১১ বছরের ভাতিজিকে ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক কারাগারে
কুমিল্লার দেবিদ্বারে খাবারের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ১১ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগে মো. নুরুল ইসলাম (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিশুটির আপন চাচা।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার মায়ের অভিযোগ, খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে গেল এক বছর ধরে মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছেন নুরুল ইসলাম।
অভিযোগে আরও বলা হয়, গেল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খাবার দেওয়ার কথা বলে শিশুটিকে একটি একতলা ভবনের ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত। এ সময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং শিশুটিকে উদ্ধার করেন। পরে শিশুটির কাছ থেকে জানা যায়, গেল এক বছর ধরে সে এ ধরনের নির্যাতনের শিকার হয়ে আসছে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে শারীরিক পরীক্ষা করানো হয়। পাশাপাশি আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
ওসি মো. মনিরুজ্জামান জানান, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা এবং আদালতে জবানবন্দি নেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক নুরুল ইসলাম এর আগেও শিশু বলাৎকারের অভিযোগে চাকরিচ্যুত হয়েছিলেন।
এমএ//