পিস্তল-গুলিসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার
জয়পুরহাটে ১৩ মামলার পলাতক আসামি রনজু সরকারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় সদর উপজেলার দাদরা জন্তিগ্রাম এলাকার দুধিয়াপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে রনজু সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মিন্টু সরকারের ছেলে।
অভিযানে রনজু সরকারের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, একটি গুলির খোসা এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এসআরবি-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি নুরুল হুদা জানান, গ্রেপ্তার রনজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৩টি মামলা রয়েছে।
অভিযান শেষে গ্রেপ্তার রনজু সরকার ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি-৫ সূত্রে জানা গেছে।
এমএ//