অপরাধ

হত্যা মামলায় এএসপি আবুল হাসান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায়  অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় তিনি আলোচনায় আসেন।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ডিবি পুলিশের উত্তরা বিভাগের একটি দল এসআরবি-১৪ এর কার্যালয় থেকে আবুল হাসানকে আটক করে ঢাকায় নিয়ে আসে। মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিএমপির কর্মকর্তা হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর  করে। সেখানে নেতা–কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মকবুল হোসেন নামের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর ওই ঘটনায় মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করেন।

এজাহারে ১৭১ নম্বর আসামি আবুল হাসান। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। তিনি চব্বিশের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়। তিনি ময়মনসিংহের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪ কার্যালয়ে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, গেল ১৯ নভেম্বর ছাত্রলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করা হয়। এতে থানা ভবন পুড়ে যায়। এ ঘটনার তদন্তে অগ্নিসংযোগের পরিকল্পনাকারী হিসেবে পুলিশ কর্মকর্তা আবুল হাসানের সম্পৃক্ততার তথ্য প্রাথমিকভাবে উঠে এসেছে।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন