বিএনপি

বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভালোবাসা নিয়ে এই পর্যন্ত এগিয়ে এসেছে, জনগণের ভালোবাসা নিয়ে সকল অন্যায়, অবিচার এবং দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে। বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না, যিনি পলাতক-যিনি স্বৈরাচার তিনি বিশ্বাস করেন বলে মন্তব্য করেছেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টায় আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে জনসভাস্থল শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, কারা আগুন সন্ত্রাস করছে, কারা এমপির বাড়িতে আগুন দিচ্ছে, কারা মানুষকে ছুরিকাঘাত করছে, তারা লাশের রাজনীতি করে, ইতিহাস বলে। হাসপাতালে আগুন দেয়, ধর্মীয় প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়- এই আগুনের ইতিহাস হচ্ছে ওই যে নিষিদ্ধ ঘোষিত যে দল, তাদের ইতিহাস। তারা ৭২ সাল থেকে এই কাজে করে আসছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে মানুষের ওপর গুলি চালিয়ে ১৪০০ মানুষকে হত্যা করেছে। প্রায় ৩০ হাজারের অধিক মানুষ আজকে পঙ্গুত্ব বরণ করেছে। দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন।

মন্ত্রী বলেন, তারা আবারও (আওয়ামীলীগ) সেই পুরনো কায়দায় গায়ের জোরে একদম কর্তৃত্ববাদী এই শাসন ব্যবস্থা শুধু নয়, নিজেদের মতামত মানুষের ওপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করছে। জনগণ কিন্তু মুখিয়ে আছে-১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জনগণ যেমন জবাব দিয়েছে, ইনশাআল্লাহ এ দেশের মানুষ জানে গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয়, গণতন্ত্র কীভাবে ধরে রাখতে হয়, দেশের সার্বভৌমত্ব কীভাবে অক্ষুণ্ন রাখতে হয়।

তিনি আরও বলেন, আগামী দিনে যারা দিবা স্বপ্ন দেখছে, যারা আসামি হয়ে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়েও যারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করছে তাদেরকে কীভাবে রুখে দিতে হয় এদেশের মানুষ জানে।

এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন