ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিয়ে বলতে হবে ভুল করেছি : নাসীরুদ্দীন
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশে যদি ঐক্য হতে হয়, তাহলে প্রথমেই বিএনপিকে মুচলেকা দিতে হবে যে ভুল করেছি, মাফ করে দেন, আমি গণভোটের গণরায় বাস্তবায়ন করবো।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত এনসিপির সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন বলেন, বাংলাদেশে ঐক্য হতে হলে জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই একসঙ্গে অব্যাহত থাকবে। তখনই ঐক্য হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার মানে এই নয় যে সরকারের যত অপরাধ আছে, এই অপরাধের খাতা লুকিয়ে রেখে এনসিপি সম্পর্ক সামনে আগাবে।
তিনি বলেন, গত আট মাসে রাজপথে যারা অত্যাচার, হামলা ও হত্যাকাণ্ড চালিয়েছে, বিএনপি তাদের পুনর্বাসন করেছে। অর্থ লেনদেনের মাধ্যমে থানায় আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে বিএনপি। জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের ইতিহাস কোনও রাজনৈতিক সংলাপের কারণে মুছে যেতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনৈতিক সুযোগ দিয়েছিলেন, পরবর্তী সময়ে সেই আওয়ামী লীগের কারণেই তাকে জীবন দিতে হয়েছিল। আপনার বাবা যে ভুল করেছেন, আপনি সেই ভুল করবেন না। ভুল থেকে শিক্ষা নেওয়া ইতিহাসের দায়িত্ব।
এ এনসিপি নেতা বলেন, ‘অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও। তবে আমাদের দুটি বিষয় রক্ষা করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, একই সঙ্গে সীমান্তে মোদির আধিপত্যবাদী অবস্থানেরও অবসান ঘটাতে হবে।’
প্রসঙ্গত, শেখ হাসিনার ফাঁসি কার্যকর ও আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে এনসিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
আই/এ